পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসী মাহিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তার ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাতেরা। পরে পরিবারের সদস্যদের মারধর করে ২৫ ভরি সোনার গয়না, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে যায় তারা।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নাইম, তার স্ত্রী রেজবি (১৮), মা রুমা বেগম (৪০) ও শিশু তাসফিরকে (২) উদ্ধার করে স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রবাসীর স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। রাতের খাবার খেয়ে তাদের ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫-৬ জনের ডাকাতদল তাদের দক্ষিণপাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে ডাকাতদলের আরও কয়েকজন সদস্য ছিল। পরে তাদের সবাইকে হাত ও পা বেঁধে বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার ছেলে নাইম বাধা দিলে তার পায়ের হাটুর ওপরে গুলি করে। এরপরে তার শিশুসন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি সোনার গয়না, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নিয়ে চলে যায় তারা1।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’