সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামের তিন বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
মোশাররফ ঢালী জানান, সোমবার রাতে তাদের সঙ্গে ঘুমিয়ে ছিল তানজিম। রাত ২টার দিকে তাকে সাপে কামড় দিলে সে আর্তচিৎকার ও কান্না শুরু করে। এতে তাদের ঘুম ভেঙে যায় এবং শিশুটির শরীরে সাপে কামড়ানোর চিহ্ন দেখতে পায় তারা। পরে বিছানার পাশে একটি বিষধর কালাচ সাপ দেখতে পাওয়া যায়।
শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে নিকটবর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্রে নিতেও দেরি করে। শিশুটিকে প্রথমেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি জানান, এসব বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক কিছু পদক্ষেপ বাসা থেকে নেওয়া যেতে পারে, তবে অবশ্যই বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাপের কামড়ের পরে আসলে নানাভাবেই চিকিৎসার সুব্যবস্থা না হওয়ায় বা দেরী হওয়াতেই শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।’
পরিবারের বরাতে ওসি শাহিনুর বলেন, ‘শিশুটিকে একবার কবিরাজের কাছে, তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে রেফার হওয়ায় সামেক হাসপাতাল, পরে সেখানে নিয়ে যাওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় বুধবার ভোরেই শিশুটির মৃত্যু হয়।’