Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৪:১৪

নিহত যুবকের মরদেহ।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশার কসবামাঝাইলে মোটর চুরির অভিযোগ তুলে জজ আলী বিশ্বাস (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জজ আলী বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি কৃষিকাজ করতেন এবং তিন সন্তানের বাবা ছিলেন।

স্থানীয়রা জানায়, গভীর রাতে কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে মোটর চুরি করতে গেলে স্থানীয়রা জজ আলীকে আটক করে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘ভোর ৫টার দিকে আমি ঘটনাটি জানতে পারি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে আমরা তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর