নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো ও বাস কাউন্টার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় একটি বাস কাউন্টার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বনপাড়া বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়ানো শ্রমিকেরা বিএনপির দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত। এক পক্ষ জেলা বিএনপির সদস্য লুৎফর রহমানের এবং অপর পক্ষ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজুর অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো ও বাস কাউন্টার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বুধবার দুপুরে এ নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় গোল্ডেন লাইন পরিবহণের একটি কাউন্টার ভাঙচুর করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে থাকা পাঁচটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিআরটিসি ও বেসরকারি বাস শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।