বাগেরহাট: গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণকালে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটির হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণহীনভাবে বোটটি সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে ভাসমান বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে গত সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটের এক জেলে বোট মালিককে ফোন করে পুরো বিষয়টি জানান।
তাৎক্ষণিকভাবে বোট মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তা কামনা করেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে দ্রুত অভিযান চালায়। সাগরে তীব্র প্রতিকূলতা পেরিয়ে কোস্ট গার্ডের দলটি বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করার পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের মাঝে প্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়।
বর্তমানে বোটসহ জেলেদের বৈধ মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষা এবং গভীর সমুদ্রে জেলেদের যেকোনো জরুরি সংকট মোকাবিলায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।