Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৮:৩৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ১৮:৫৪

জব্দ হওয়া ইয়াবা।

ঢাকা: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এই ইয়াবার মূল্য অন্তত ৬ কোটি টাকা।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নিয়মিত টহল পরিচালনাকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির টহলদল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দায়িত্বপূর্ণ ফাড়ির বিলের গুর্জাখাল রুবেলের ঘের নামক স্থানে কতিপয় ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় টহলদল দেখতে পায়, মিয়ানমার থেকে ছয়জন ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পোটলাগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ছয়টি পোটলার ভেতর থেকে বায়ুরোধী প্যাকেটে মোড়ানো আনুমানিক ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।’

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর