পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় সাতজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে দোকানপাট।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে ও বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই বাজারের রমনী (৪০) নামের এক ব্যক্তির সেলুনের সামনে থেকে বাক প্রতিবন্ধী ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি ওই নারীর হাত ধরে টান দিয়ে সেলুনে ঢোকান এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি অন্যান্য ব্যবসায়ীরা দেখে ফেলে এবং রাত ১০টার দিকে মীমাংসার জন্য বসে। পরে তাকে ৬ হাজার টাকা জরিমানা করে গ্রাম পুলিশের জিম্মায় দিতে চাইলে তারা রাজি না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী জুয়েল তাকে জিম্মায় নিতে আগ্রহী হয়। বিষয়টি নিয়ে জুয়েলের সঙ্গে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের বাকবিতণ্ডা হয় এবং মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল হাওলাদারসহ ২-৩ জন আহত হয়।
এ ঘটনার বিচার দাবিতে ব্যবসায়ীরা সকালে প্রায় ৩৫০টি দোকান বন্ধ রেখে বাজারে নামলে ফের উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রুপের জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত আটজন আহত হয়।
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিরন বলেন, ‘পুরো ঘটনার বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে।’
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’