রাজবাড়ী: রাজবাড়ী শহরের বড়ো বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের ঘটনায় মামলা দায়ের করার পর তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ।
গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই ওয়ার্ডের ২৮ কলোনী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) ও ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।
এর আগে, সোমবার রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজবাড়ী বড়ো বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে ব্যবসা করেন জাকিয়া সুলতানা। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫-২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও তাকে হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’
উল্লেখ্য, গত শনিবার ২৯ আগস্ট বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের বড়ো বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি মারতে থাকেন।