সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাগাতী বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা লাগার ঘটনায় মোছা. নাদিয়া আক্তার (১৭) নামের এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চন্ডিদাগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত নাদিয়া আক্তার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার মো. বাবুর আক্তারের মেয়ে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চন্ডিদাগাতী বাজার এলাকায় অটোরিকশা ও বাসের সংঘর্ষে কয়েকজন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিয়া আক্তার নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’