সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এলাকার লোকজন। পরে সেই আসামি ফেসবুক লাইভে এসে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে বক্তব্যও দিয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনার বিষয়ে নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার ধামোধরতপি গ্রামের আসির মিয়াকে (৩৫) শান্তিগঞ্জ থানার এসআই নূর উদ্দিন গ্রেফতার করেন। তখন তার স্বজনরা পুলিশকে ঘেরাও করে তাকে ছাড়িয়ে নেন। পরে ফেসবুকে এসে আসামি লাইভও করেছেন।
আসির মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। তাকে ছিনিয়ে নেওয়ার ঘণ্টাখানেক পরে লাইভে এসে তিনি দাবি করেন, এলাকার বিভিন্ন দুর্নীতি নিয়ে তিনি সরব। এ কারণে একটি মহল ক্ষুব্ধ হয়ে তাদের চার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
পাঁচ মিনিটের বেশি সময় ধরে লাইভে থাকা আসির মিয়া জানান, পুলিশ কোনো গ্রেফতারি পরোয়ানা দেখাতে পারেনি। এ কারণেই এলাকার লোকজন তাকে পুলিশের কাছ থেকে নিয়ে রেখে দিয়েছে। তিনি যখন লাইভ করছিলেন তখনও তার হাতে হাতকড়া ছিল। তিনি নিজেকে ‘আইন মান্যকারী’ বলে দাবি করেন।
ধামোধরতপি গ্রামের ইউপি সদস্য আজির উদ্দিন বলেন, ‘আমি শুনেছি, আমাদের পয়েন্ট থেকে আসিরকে ধরার পর ধস্তাধস্তি করে পালিয়ে গেছে। পরে ফেসবুকে লাইভও দিয়েছে। এর বেশি কিছু জানি না।’
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়ালি উল্লাহ বলেন, ‘একটি মারামারির মামলার আসামি হিসেবে আসির মিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে স্বজনরা তাকে ছিনিয়ে নেয়। চারদিকে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আশা করি, শিগগিরই তাকে গ্রেফতার করা যাবে।’