ঢাকা: জেলার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হন।
নিহত আলতাব হোসেন এসবির (স্পেশাল ব্রাঞ্চ) ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারে মদিনা হাউজিং এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মাদকাসক্ত কয়েকজনের সঙ্গে তর্কে জড়ান এক ব্যবসায়ী। এর প্রতিবাদ করলে এসআই আলতাব হোসেনের ওপর চড়াও হন তারা।
এ সময় বাবাকে উদ্ধার করতে তার ছোট ছেলে আরিফুল ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সুরতহাল রিপোর্ট তৈরি করা পুলিশ সদস্য জানান, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্য হয়। শেরে বাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নিহতের ছোট ছেলে আরিফুলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।