Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণে সহায়তার আশ্বাস আইনমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেট
৬ জুলাই ২০২৬ ১৯:০৩

সৌজন্য সাক্ষাৎ।

ঢাকা: সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে বার নেতারা জানান, সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও বিদ্যমান অবকাঠামো সেই চাহিদা পূরণে যথেষ্ট নয়। বিশেষ করে আইনজীবীদের জন্য পর্যাপ্ত বসার স্থান ও প্রয়োজনীয় কর্মপরিবেশের অভাব রয়েছে। এ কারণে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি বলে তারা আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি।’

তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে সরকার ইতিবাচক এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত কর্মপরিবেশের উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর