ঢাকা: জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় প্রধান বিচারপতি নিজের, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পাশাপাশি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, খ্যাতিমান আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ কর্মজীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাজনীতি, আইনাঙ্গন ও সংসদীয় কার্যক্রমে যে অবদান রেখে গেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। আইনমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে তার জন্ম। তিনি দুই দফা জাতীয় সংসদের স্পিকার এবং দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।