ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘসময় বন্ধ ছিল। কিন্তু ভেতরে থাকা ৭ম শ্রেণির ছাত্র নীরব বিশ্বাসের (১৪) কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে ৯৯৯ নম্বরে ফোনকলে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ বৃহষ্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটের দিকে ডিএমপি যাত্রাবাড়ী থানাধীন পোস্তগোলা থেকে নিগার সুলতানা নামে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘসময় যাবৎ ভেতর থেকে বন্ধ আছে, একজন ছাত্র ভেতরে আছে কিন্তু অনেকক্ষণ তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। ৯৯৯ নম্বর থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়।’
আনোয়ার সাত্তার বলেন, ‘খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ৭ম শ্রেণির ছাত্র নীরব বিশ্বাসকে উদ্ধার করে। সে টয়লেটের ভেতর অজ্ঞান হয়ে গিয়েছিল।’