Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের নিয়ে ‘আমরা নারী’র সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৩:৩৩

ঢাকা: দেশের ভবিষ্যৎ আইনজীবী, আইন গবেষক ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেতৃত্বদানকারী তরুণ প্রজন্মকে বাস্তবভিত্তিক আইন শিক্ষা, সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান এবং পেশাগত দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী “এডুকেশন ভিসিট এন্ড এক্সক্লুসিভ নলেজ শেয়ারিং সেশন” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট কমপ্লেক্সস্থ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ‘আমরা নারী’র উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার প্রক্রিয়া, সাংবিধানিক দায়িত্ব এবং বিচার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি ও মূল বক্তা মো. রুহুল কুদ্দুস কাজল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশের সংবিধান, অ্যাটর্নি জেনারেলের সাংবিধানিক দায়িত্ব, রাষ্ট্র পরিচালনায় আইনের শাসনের অপরিহার্যতা, নৈতিক নেতৃত্ব, পেশাগত সততা এবং একজন আইনজীবীর সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিসেস তাসনুভা শেলী এবং অ্যাডভোকেট দেওয়ান হুমায়ুন কবির রিপন উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের আইন পেশার বাস্তব অভিজ্ঞতা, সাংবিধানিক দায়িত্ব, পেশাগত নৈতিকতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া, ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব), সভাপতি শাবনাম শেহনাজ চৌধুরী এবং টিম লিডার সানজিদা ইসলাম অনুস্কা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (ক্রাইম) মো. তারেক জুবায়ের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ তদন্ত, আধুনিক পুলিশিং, বিচারপ্রক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা এবং বাস্তব কর্মপরিবেশের বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থীরা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি একটি এক্সক্লুসিভ নলেজ-শেয়ারিং সেশনে অংশগ্রহণ করেন। এ সময় সংবিধান, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা, সরকারি আইন কর্মকর্তাদের ভূমিকা, আইন পেশায় ক্যারিয়ারের সম্ভাবনা এবং সমসাময়িক আইনগত বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তবধর্মী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ লাভ করেন।

‘আমরা নারী’ একটি অলাভজনক, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সামাজিক প্রতিষ্ঠান। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, গবেষণা, টেকসই উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের দক্ষ, সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সংগঠনটির অন্যতম অগ্রাধিকার।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর