ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও তিলপাড়া)-এর আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় অফিসে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শোকজ ও আইনানুগ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরিদর্শনে গিয়ে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই নির্দেশনা দেন তিনি।
এদিকে, পরিদর্শনের শুরুতেই আঞ্চলিক কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে পরিদর্শন শুরু হওয়ার পর বিলম্বকারী কোনো কর্মকর্তা বা কর্মচারী ভেতরে প্রবেশ করতে না পারেন।
পরিদর্শনকালে প্রশাসক প্রতিটি কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন এবং অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিকভাবে হাজিরা খাতায় ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন।
অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন।
এ সময় ডিএসসিসি প্রশাসক নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং ও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আঞ্চলিক কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন।