Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে ২ সিটির কার্যক্রম জোরদারের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২১:৫৫

দুই সিটির বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন, ময়লা-আবর্জনা অপসারণ এবং নতুন ময়লার বিন স্থাপনের অগ্রগতি পর্যালোচনা সভা

ঢাকা: রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম আরও বেগবান করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, ‘সভা-সমাবেশ বা পরিকল্পনার চেয়ে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুই সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন, ময়লা-আবর্জনা অপসারণ এবং নতুন ময়লার বিন স্থাপনের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থাপনায় জানানো হয়, দুই সিটি কর্পোরেশনের সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নাগরিকরা যেন উদ্যোগগুলোর সুফল বাস্তবে অনুভব করতে পারেন, সে লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।’

নতুন বড় প্রকল্প নেওয়ার আগে পাইলট প্রকল্পের কার্যকারিতা মূল্যায়নের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সফল উদ্যোগগুলো পর্যায়ক্রমে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা হবে।’

তিনি কোথায় কোথায় বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ময়লার বিন স্থাপন করা হয়েছে, তার হালনাগাদ তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দেন। পাশাপাশি নিয়মিত তদারকি ও কার্যকর মাঠপর্যায়ের মনিটরিংয়ের ওপরও গুরুত্বারোপ করেন।

মীর শাহে আলম বলেন, “প্রধানমন্ত্রী নিজেও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তাই প্রতিটি উদ্যোগ বাস্তবসম্মত, কার্যকর ও দৃশ্যমান হওয়া প্রয়োজন।” তিনি এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর