ঢাকা: দেশ ও মানুষকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
পরিবেশ রক্ষা ও নগরকে পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মাঠে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর আমার দেশ, পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন।
আব্দুস সালাম উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। পরিবেশ ভালো রাখতে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়ন জোরদার করা প্রয়োজন। রাষ্ট্র বা প্রতিষ্ঠানের প্রধান কোনো বিষয়ে গুরুত্ব দিলে সেটি কার্যকর করা সহজ হয়।
কমিউনিটি ব্যাংকের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘ঢাকা শহরকে পরিবর্তন করতে হলে আগে নগরের প্রতি ভালোবাসার মানসিকতা তৈরি করতে হবে। মানুষ যেমন নিজের ঘর পরিচ্ছন্ন রাখে, ঠিক তেমনি নিজ শহরকেও ভালোবাসতে হবে।’
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘এই দেশ ও শহর আমাদের সবার। আমরা নিজেরা পরিবর্তিত না হলে শহরও বদলাবে না।’ বিশ্বজুড়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার ফলে যে দুর্যোগ তৈরি হচ্ছে, তা থেকে বাঁচতে এখনই পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।
সুন্দরবনের প্রাকৃতিক প্রতিরক্ষার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যেকোনো দুর্যোগে সুন্দরবন বুক পেতে প্রথম ধাক্কা সামলায়, যা দেশকে সুরক্ষা দেয়।’ তাই পরিবেশের সুরক্ষা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর ওপর জোর দেন তিনি।
রাস্তায় বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে তিনি অনুরোধ করেন, কেউ যেন টিস্যু, প্লাস্টিক বোতল বা অন্য কোনো ময়লা যেখানে-সেখানে না ফেলেন। সেসঙ্গে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নিলে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সিটি কর্পোরেশনের একটি নতুন উদ্যোগের কথা প্রকাশ করেন প্রশাসক। আগামী মার্চ থেকে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও পর্যটন কর্পোরেশনের সহায়তায় শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস ভ্রমণ কর্মসূচি। শিক্ষার্থীরা লালবাগ কেল্লা, শহিদ মিনার, কার্জন হল, পুরান ঢাকার বুড়িগঙ্গা নদী ও জাতীয় জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে। এছাড়া পুরান ও নতুন ঢাকার চিত্র তুলে ধরতে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
নগর ব্যবস্থাপনায় পুলিশের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হকার, রিকশা ও বর্জ্য ব্যবস্থাপনা সমন্বয়ে মেট্রোপলিটন পুলিশ সিটি করপোরেশনকে সহযোগিতা করছে। যৌথভাবে কাজ করলে একটি সুন্দর নগর উপহার দেওয়া সম্ভব।’
অনুষ্ঠানে পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।