Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১১:১০ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৩:২৬

যৌথ বাহিনীর অভিযান।

চট্টগ্রাম: চট্টগ্রামের দুর্গম এলাকা জঙ্গল সলিমপুর যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। সোমবার (৯ মার্চ) ভোর ৫টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযানে নেমেছে যৌথ বাহিনী।

এতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবের এই যৌথ অভিযানে প্রায় তিন হাজার সদস্য অংশ নিয়েছেন।

গত ১৯ জানুয়ারি বিকেলে এই জঙ্গল সলিমপুরেই সন্ত্রাসীদের নির্মম হামলায় প্রাণ হারান র‍্যাব-৭ এর কর্মকর্তা আবদুল মোতালেব।

র‍্যাবের চার সদস্যকে বেধড়ক মারধরের সেই বর্বরোচিত ঘটনার পর থেকেই এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, ওই হত্যা মামলার বেশ কয়েকজন আসামি এই দুর্গম পাহাড়েই আত্মগোপন করে আছে। আর সেই তথ্যের ওপর ভিত্তি করেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে আজকের এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানায়, জঙ্গল সলিমপুরের ভূপ্রকৃতি অত্যন্ত জটিল হওয়ায় এখানে অভিযান চালানো সব সময়ই একটি বড় চ্যালেঞ্জ। পাহাড়ের ভেতরে অসংখ্য সরু পথ, গহিন ঝোপঝাড় ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসতি থাকায় অপরাধীরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে যেতে পারে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মো. রাসেল জানান, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুরো জেলায় যৌথ বাহিনীর এই জোরালো অভিযান চলছে। বিশেষ করে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর