Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

চবি করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ২১:২২ | আপডেট: ১০ জুন ২০২৬ ১২:২১

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন। ছবি: সংগৃহীত

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হয়েছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্পের লক্ষ্য পূরণে প্রয়োজনীয় বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেটসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মাছ আহরণ, নৌপরিবহন এবং উপকূলীয় উন্নয়নে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিশেষ করে জেলে, ট্রলার মালিক ও সমুদ্রগামী জাহাজগুলো আবহাওয়া ও সমুদ্রসংক্রান্ত তথ্য ব্যবহার করে ঝুঁকি কমাতে এবং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। চীনের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মতো একটি অনন্য স্যাটেলাইট স্টেশন স্থাপিত হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকেরাও উপকৃত হবেন। তারা সমুদ্র ও মৎস্যসম্পদ সংক্রান্ত রিয়েল-টাইম তথ্য পাওয়ার সুযোগ পাবেন।’

চবি উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং ও চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর মাধ্যমে দেশের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, নদীভাঙন, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা, বন উজাড়সহ পরিবেশ সম্পর্কিত নানা তথ্য দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর