Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চসিকের নামে চাঁদাবাজি: রানি রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৯:৪১ | আপডেট: ২৬ জুন ২০২৬ ২০:৪৫

উচ্ছেদ অভিযানের মুহূর্ত।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে অবস্থিত রানি রাসমণি ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) মেয়রের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।

করপোরেশন সূত্রে জানা যায়, স্থানীয় জেলেদের অনুরোধে চলতি বছর রানি রাসমণি ঘাট ইজারা দেওয়া হয়নি এবং বর্তমানে ঘাটে খাস আদায়ের দায়িত্বও কাউকে দেওয়া হয়নি। এরপরও একটি চক্র চট্টগ্রাম সিটি করপোরেশনের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করে। সম্প্রতি এ বিষয়ে স্থানীয়দের মানববন্ধনের পরিপ্রেক্ষিতে মেয়রের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেন, ‘অভিযানে অবৈধভাবে নির্মিত একটি অস্থায়ী অফিস ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনা ব্যবহার করে একটি চক্র ঘাটের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং অবৈধভাবে অর্থ আদায় করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া, সিটি করপোরেশনের নামে টাঙানো অবৈধ ব্যানার অপসারণ করা হয়েছে। দোকান নির্মাণের উদ্দেশ্যে অবৈধভাবে তৈরি করা কাঠামো ও ভিত্তিও ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে ঘাট এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণের লক্ষ্যে জমাকৃত নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ২১৮টি বাঁশ, ২০টি ছোটো টিনের শিট, ২০টি টিন, একটি টেবিল, চারটি চেয়ার, একটি ফ্যানসহ বিভিন্ন মালামাল।’

তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন এ ঘাট কাউকে ইজারা দেয়নি। ফলে সিটি করপোরেশনের নাম ব্যবহার করে এখানে অর্থ আদায়ের সুযোগ নেই। ভবিষ্যতে আইনি বিষয়াদি যাচাই-বাছাই শেষে ঘাটটির ব্যবস্থাপনার বিষয়ে করপোরেশন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর