চট্টগ্রাম: বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জেলার মধ্যে প্রায় ৭ লাখের ওপরে মানুষ পানিবন্দি। ৭৫ হাজার পরিবারকে চাল-ডালসহ শুকনা খাবার দেওয়া হয়েছে। ৪০ হাজার পরিবারকে রান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা অব্যাহত আছে। এটা চলতে থাকবে।’
তিনি বলেন, ‘পরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। বন্যার পরে সাধারণত রোগবালাইয়ের একটা প্রকোপ দেখা যায়। সেজন্য ওষুধ প্রস্তুত আছে। কোনো সংক্রামক রোগ দেখা দিলে, তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।’
এ ছাড়া এদিন সকালে অর্থমন্ত্রী নগরীর পতেঙ্গা মাইজপাড়ার মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে, হাদি পাড়া ও খেজুর তলি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ অনেকেই।
পরে জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী, সাতকানিয়া উপেজলার নলুয়া, লোহাগড়া উপজেলার আধুনগর এবং বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন অর্থমন্ত্রী।