Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, ১২২ পরিবারকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট 
১১ জুলাই ২০২৬ ১৭:২১ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৭:৩৭

ঢাকা: টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় বান্দরবান জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অসংখ্য পরিবার বাস্তুহারা হয়ে পড়েছে। বিপর্যস্ত ও দুর্গত এসব মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২২টি পরিবারকে উদ্ধার ও মানবিক সহায়তা দিয়েছে এই বাহিনী।

শনিবার (১১ জুলাই) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

বান্দরবানের বিজিবি সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা এবং বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে গত রাত থেকেই বিজিবি বান্দরবান সেক্টর দফতরের সদস্যরা ক্রাইক্ষ্যংপাড়া এলাকার বন্যাদুর্গত ১২২টি পরিবারকে নিরাপদে উদ্ধার করে শহীদ মোশাররফ বিজিবি স্কুল এবং ক্রাইক্ষংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে।

বিজ্ঞাপন

উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্গত মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সার্বিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক অঙ্গীকার। সাম্প্রতিক টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসসহ উদ্ভূত বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর