Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লোহাগাড়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৪:০৬

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন— আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মো. ইউনুছের মেয়ে। তাদের বাবা কলাউজানের একটি হেফজখানায় চাকরি করেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে তারা কলাউজান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আমেনা ও আয়শা বাসার অদূরে বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দুই বোন পানিতে ডুবে যায়। পরে বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গেলে পানির মধ্যে তার পায়ে একজনের মরদেহের স্পর্শ লাগে। এরপর তিনি পানিতে নেমে দুই বোনের মরদেহ উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।’

কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘দুই বোন একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, গোসলের সময় এক বোন পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে অপর বোন এগিয়ে যায়। এ সময় সেও পানিতে ডুবে যায়। এতে পুকুরে ডুবে দুই বোনের একসঙ্গে মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর