চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের পুত্র ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও একই থানার শাহারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর পুত্র মাহি উদ্দিন (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক তৌহিদ মারা যান। আহত মাহি উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা মোটরসাইকেলযোগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। চাঁদপুর ফেরার পথে পথিমধ্যে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থলে মিনিট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’