Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপি​ হিসেবে সারোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১০:৪৬ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৩:০০

সারোয়ার আলমগীর।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত ও শপথ নেওয়া বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের এমপি​ হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। তাকে সংসদে যোগদান থেকে বিরত রাখার আবেদন তালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ সম্পন্ন হওয়ায় সারোয়ার আলমগীর নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন। এ বিষয়ে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

বিজ্ঞাপন

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আহসানুল করিম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে, প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে আপিল করেন নুরুল আমীন। তিনি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চেয়েছিলেন। ওই আবেদনের ওপর ২৭ ও ২৮ জুলাই শুনানি শেষে বুধবার আদেশ দেন আপিল বিভাগ।

ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচনের আগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত তার মনোনয়ন বহাল রেখে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন।

পরবর্তীতে নুরুল আমীন আপিল বিভাগে গেলে আদালত সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তখন ফলাফল প্রকাশ করা হয়নি। পরে আপিল বিভাগের নির্দেশে হাইকোর্ট দ্রুত রুল নিষ্পত্তি করে গত ৯ জুলাই সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। একই দিন তার নির্বাচনের গেজেট প্রকাশ করা হয় এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

এরপর হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের আবেদন করেন নুরুল আমীন। তিনি অভিযোগ করেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের আগেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ এবং শপথের ব্যবস্থা করেছে। তবে সর্বশেষ আপিল বিভাগ তার আবেদন তালিকা থেকে বাদ দেওয়ায় সারোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে অংশগ্রহণের বিষয়ে আর কোনো আইনি জটিলতা থাকল না।

 

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর