Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ৩১ মে ২০২৬ ২২:৩২

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (৩১ মে) বিকেল থেকে তিন ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের ভেতর নানা অনিয়ম পাওয়ায় নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও একলাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ ফোর্সের একটি দল উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

অভিযান শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করার পর বেশ কিছু অনিয়ম আমাদের নজরে আসে। এ পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একলাখ টাকা, অর্থাৎ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।’ হাসপাতালের কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে কোনো মিটার পাওয়া যায়নি, শুধুমাত্র চেম্বারগুলোতে মিটার ছিল।’

হাসপাতালের ভেতরের পরিবেশের বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালের কিছু জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। একটি জায়গায় বিস্কুট বা খাবার জাতীয় পণ্যের লেবেলিং খারাপ ছিল এবং সেই নির্দিষ্ট জায়গাটি বেশ নোংরা ছিল।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর