Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবরে যুবককে অপহরণের পর নির্যাতন-মুক্তিপণ, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৯:২৬ | আপডেট: ৯ জুন ২০২৬ ২১:০৯

অপহরণের অভিযোগে গ্রেফতার ৫ জন

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় মো. সজিব (২৬) নামের এক যুবককে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী সজিব পেশায় একজন গাড়িচালক। তিনি মোহাম্মদপুরের বসিলা এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে আদাবর থানাধীন আদাবর রোড-১৩ এলাকার শেলটেক কোম্পানির ভবনের পাশে একটি পরিত্যক্ত রিকশা গ্যারেজে সজিবকে আটকে রাখা হয়। এ ঘটনায় তার বোন মোসা. জিতু আক্তার আদাবর থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার ও পুলিশি তদন্তে জানা গেছে, পূর্বপরিচিত জয়নাল নামের এক ব্যক্তি সজিবকে আদাবর বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ৯ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে। পরে তাকে আদাবর এলাকার বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং এক পর্যায়ে একটি রিকশা গ্যারেজে আটকে রাখা হয়। অপহরণকারীরা সজিবের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি রুপার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেন।

এডিসি জুয়েল রানা বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা, ভুক্তভোগীর বড় ভাই ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশের ধারণা, এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাইয়েরও সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছে, গ্রেফতারকৃতদের ৫ জনের মধ্যে বাদল মিয়া অন্যতম। তার বিরুদ্ধে আদাবর থানায় বিভিন্ন ধারায় ৫টি মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর