Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ট্রাফিক স্কুলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৭:৫৭

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন টিডিএসের প্রশিক্ষণ প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন টিডিএসের প্রশিক্ষণ প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।

টিডিএস প্রাঙ্গণে নবনির্মিত ‘স্বাধীনতা কর্নার’-এর সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন। অন্যায়ের কাছে মাথা নত না করার যে চেতনা, তা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণেই এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, রক্তদান একটি মহৎ কাজ। সময়মতো রক্ত দান করলে নিজে যেমন সুস্থ্য থাকতে পারা যায় তেমনি স্বেচ্ছায় রক্তদান করে অন্যের জীবনও বাঁচানো যায়। নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন। রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচানো নিঃসন্দেহে মহৎ কাজ। নিয়মিত রক্তদান করা একটি ভালো অভ্যাস। রক্তদানে শরীরের কোন ক্ষতি হয়ই না বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে পুলিশ সার্জেন্ট শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করেছেন। ট্রাফিক স্কুলে ৩৭তম নবায়ন কোর্সের প্রশিক্ষানার্থী, প্রশাসন ও প্রশিক্ষণ শাখার অফিসার-ফোর্স সহ ৯৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

এসময় পুলিশ সুপার লিপি সাহা, অ্যাডিশনাল এসপি সুবাস চন্দ্র সাহা, অ্যাডিশনাল এসপি কুদরতি খোদা শুভ, এএসপি আব্দুল হালিম, এএসপি শাহীন, পুলিশ ব্লাড ব্যাংকের ডাক্তারসহ টিডিএসের অন্যান্য অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর