ঢাকা: ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের স্মৃতি ও কর্মময় জীবনকে উৎসর্গ করে নবনির্মিত ‘স্বাধীনতা কর্ণার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৩০-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মৃতি কর্নারের শুভ উদ্বোধন করেন ট্রেনিং শাখার প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।
উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের আধুনিক ইতিহাসের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। দেশের সংকটে তার নেতৃত্ব এবং দূরদর্শী রাষ্ট্রনীতি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। ট্রাফিক স্কুলে স্থাপিত এই ‘স্বাধীনতা কর্ণার’ তরুণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে তার দেশপ্রেম, কর্মদক্ষতা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার চেতনাকে আরও গভীরভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
নব স্থাপিত এই ‘স্বাধীনতা কর্ণার’-এ স্থান পেয়েছে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর লেখা দুর্লভ বই, ঐতিহাসিক আলোকচিত্র, স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র এবং তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের গৌরবময় ইতিহাসের সংকলন। প্রশিক্ষণার্থী ও দর্শনার্থীরা এখান থেকে দেশের স্বাধীনতাযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবেন। এ ছাড়াও, এই কর্ণারে জুলাই গণঅভ্যুত্থানের ছবি ও বই রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহিদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে।