Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৮:৫৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক।

ঢাকা: কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানায়, কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেন। প্রথমে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা, ফেনী এবং সিআইডি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।  তিনি ১৯৮১ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মুকিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।

এদিকে মরহুমের জানাজা বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ডিএমপি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। তাকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।

মরহুমকে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।