Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫০ লাখ টাকা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি লক্ষ্য করে গুলি

স্টাপ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৯:৪৬

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে প্রবাসীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় চাঁদার দাবিতে দুর্বৃত্তরা এক প্রবাসীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে। বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর ভুক্তভোগী পরিবার নম্বরটি ব্লক করে দিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) রাতে হামজারবাগ এলাকার হাজী মোহাম্মদ ইউসুফের মালিকানাধীন রুনা টাওয়ারে দুর্বৃত্তরা গুলি করে। বিদ্যুৎ না থাকার সুযোগ নিয়ে দুই যুবক এই হামলা চালায়। নিরাপত্তাপ্রহরী হামলাকারীদের চেহারা স্পষ্টভাবে দেখতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, কিছুটা দূরে তাদের কোনো গাড়ি বা মোটরসাইকেল রাখা ছিল।

বিজ্ঞাপন

ভবনের মালিক হাজী মোহাম্মদ ইউসুফ জানান, তিনি দীর্ঘ ৪০ বছর সৌদি আরবে কাটিয়ে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। তার বড় ছেলে মোহাম্মদ শওকত দুবাইয়ে ব্যবসা করেন এবং বর্তমানে দেশে অবস্থান করছেন।

ইউসুফ আরও জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস রেকর্ড পাঠানো হয়, যেখানে কাতার থেকে কল করা হয়েছে বলে দাবি করা হয়। ভয়েস রেকর্ডে তাদের দেশে-বিদেশে ব্যবসা ও ভবন থাকার কথা উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা তাদের এক ‘ছোট ভাইয়ের’ হাতে পৌঁছে দিতে বলা হয়। ইউসুফের পরামর্শে তার ছেলে কোনো উত্তর না দিয়ে নম্বরটি ব্লক করে দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাতে এই হামলা চালানো হয়।

উল্লেখ্য, ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। আজিজ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন বলেন, ‘পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। প্রাথমিকভাবে এটি এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে গত ১৩ জুন নগরীর বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের অভিযোগও ওঠে ইমনের অনুসারীদের বিরুদ্ধে। ঘটনার পর মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে চাঁদাবাজি বন্ধ এবং ইমনকে গ্রেফতারের দাবি জানানো হয়। পরে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ২৯ জুলাই যশোর থেকে তাকে গ্রেফকার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানের তিনি ১০ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর