Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি ছাত্রদল নেতা শের আলী বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৬:৩৯

বহিষ্কৃত ছাত্রদল নেতা শের আলী। ছবি: সংগৃহীত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তার ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ছাত্রদলের সদস্য শের আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ ওঠার একদিনের মধ্যেই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গভীর রাতে ক্যাম্পাসে নিজের ছোট ভাই, হবু স্ত্রী ও ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থানকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন মোটরসাইকেলে এসে কোনো ধরনের কারণ ছাড়াই তার ছোট ভাই ও বন্ধুকে মারধর শুরু করেন।

আবিত আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে চাইলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাকে মারধর করেন। এ সময় তিনি বলেন, ‘আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলব।’

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় তার হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাকেও আঘাতের চেষ্টা করা হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরদিনই ছাত্রদল অভিযুক্ত শের আলীকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর