ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার পদে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া। সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারার নিয়োগে যে ধারা প্রতিষ্ঠিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের আত্মমর্যাদা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রতিফলন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য, ট্রেজারারসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে কাউকে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নেই।
তারা আরও বলেন, বর্তমান উপাচার্যের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’র প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক থেকেই ট্রেজারার নিয়োগ দেওয়া সময়ের দাবি। বিশ্ববিদ্যালয় এরই মধ্যে দক্ষ ও দায়িত্বশীল প্রশাসনিক নেতৃত্ব গড়ে তোলার সক্ষমতা প্রমাণ করেছে বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকরা প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা রাখেন। ফলে তাদের মধ্য থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগতকে ট্রেজারার হিসেবে মানি না, মানব না’ এই অবস্থানের প্রতি ঐকমত্য প্রকাশ করেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, এ দাবি বাস্তবায়ন না হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। প্রয়োজনে ‘গেট লক’ কর্মসূচিসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।