Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৫:৪২ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৬:৩১

মোহাম্মদ মুসলিম চৌধুরী

ঢাকা: সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ ক‌রে‌ছেন। সোমবার (২ মার্চ) বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত মাসে জাতীয় নির্বাচনের পর ‘জিয়া পরিষদ’র ব্যানারে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়। এর মধ্যে অন্যতম ছিল তাদের সমর্থিত ব্যক্তিদের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখায় বদলি করার দাবি। সময়ের সঙ্গে সঙ্গে এ চাপ বাড়ছিল বলে তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তাদের ধারণা, এ পরিস্থিতিই চেয়ারম্যানের পদত্যাগের পেছনে ভূমিকা রাখতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চেয়ারম্যান হওয়ার আগে তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সাবেক অর্থসচিব ছিলেন।

মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর