Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাণিজ্য ভারসাম্য উন্নয়নে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান চীনকে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৯:১৭ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২১:২১

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ।

ঢাকা: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে দেশে চালু হওয়া ‘বাংলা কিউআর’ ব্যবস্থার উন্নয়নে চীনের সিঙ্গেল কিউআর (Single QR) ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তাও চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করে উভয়পক্ষ। এ সময় গভর্নর মোস্তাকুর বলেন, ‘দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ করতে বাংলাদেশ থেকে চীনে পণ্য রফতানি ও আমদানি বাড়ানোর সুযোগ রয়েছে।’ এ বিষয়ে চীনের সহযোগিতা প্রত্যাশা করে তিনি বাংলাদেশি পণ্যের জন্য চীনা বাজারে আরও প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাও গুরুত্ব পায়। গভর্নর বলেন, ‘দেশে ‘বাংলা কিউআর’ চালুর পর এর কার্যকারিতা ও ব্যবহার আরও বিস্তৃত করতে চীনের সিঙ্গেল কিউআর ব্যবস্থার অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা বাংলাদেশ কাজে লাগাতে আগ্রহী।’

বৈঠকে চীনের রাষ্ট্রদূত বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। এর জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে বিদেশি বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত মূলধন ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।

তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর শিল্প, উৎপাদন এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। গভর্নরের মতে, এ ধরনের বিনিয়োগ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং প্রযুক্তি স্থানান্তরে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং এবং অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

সারাবাংলা/এসএ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর