চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী ক্যাম্পাসে বসেই দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ তাৎক্ষণিক চাকরির সুযোগ পেয়েছেন। ডাক বিভাগের এই ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠানের দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ‘নগদ নেভিগেট: শেপ ইউর ফিউচার’-এ অংশ নিয়ে অন-স্পট নিয়োগপত্র পান তারা।
বুধবার (২২ জুলাই) চবির বিবিএ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের (এমএইউসি) সহযোগিতায় এ ক্যারিয়ার ফেস্টের আয়োজন করে নগদ।
সকাল থেকেই ফিনটেক খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ।
দিনব্যাপী আয়োজনে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ, স্ক্রিনিং ও অন-স্পট সাক্ষাৎকার নেয় নগদের মানবসম্পদ বিভাগ। নগদের ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘এন-রাইজার্স’, টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার (টিও/টিএম) এবং সেলস টিমের বিভিন্ন পদে নিয়োগের জন্য শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। এতে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেন।
অন-স্পট নিয়োগপত্র হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চবি শিক্ষার্থী ফারহানা আলম নিপা। তিনি বলেন, ‘ক্যাম্পাসে বসে ইন্টারভিউ দিয়ে মুহূর্তের মধ্যে অফার লেটার পাওয়াটা কল্পনার মতো। নগদের মানবসম্পদ বিভাগের পেশাদার দৃষ্টিভঙ্গি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’
চাকরি পাওয়া আরেক শিক্ষার্থী মো. হৃদয় বলেন, ‘শুধু চাকরির সুযোগই নয়, একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের কাছে করপোরেট প্রতিষ্ঠানগুলোর আসলে কী প্রত্যাশা—তা এই দিনব্যাপী প্রোগ্রামে এসে স্পষ্ট হওয়া গেছে।’
তরুণদের কর্মসংস্থান নিয়ে নগদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে নগদের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর সৈয়দ হিমিয়ানউদ্দিন আহমেদ বলেন, ‘একাডেমিক অর্জনের পাশাপাশি করপোরেট জগতের বাস্তব চাহিদার সঙ্গে সংযোগ ঘটানোই এই আয়োজনের মূল লক্ষ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও উদ্দীপনা আমাদের মুগ্ধ করেছে।’
তিনি এআই বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। এ সময় এআই নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে কয়েকজন শিক্ষার্থী পুরস্কার জিতে নেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আ ন ম ওয়াজেদ আলী বলেন, ‘ঢাকার বাইরে চট্টগ্রামের শিক্ষার্থীরা সাধারণত করপোরেট এক্সপোজারের সুযোগ কম পায়। নগদ সরাসরি ক্যাম্পাসে এসে অন-স্পট ইন্টারভিউ, সিভি স্ক্রিনিং ও ক্যারিয়ার নির্দেশনার মাধ্যমে প্রথাগত চাকরির ধারণা বদলে দিয়েছে। অ্যাকাডেমিয়া ও ফিনটেকের এই আধুনিক উদ্যোগ একদিকে শিক্ষার্থীদের যেমন আত্মবিশ্বাসী করবে, অন্যদিকে করপোরেট প্রতিষ্ঠানগুলোও তাদের পছন্দের সেরা মেধা খুঁজে পেলে উপকৃত হবে।’
দিনজুড়ে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে একাধিক সেশন পরিচালনা করা হয়। এর মধ্যে ‘এমএফএস: দ্য ফিউচার অব ডিজিটাল ক্যারিয়ার্স’, ‘প্রফেশনালিজম দ্যাট এলিভেটস’, ‘রিজিউমি দ্যাট উইনস’ এবং ‘শেপ দ্য ফিউচার: হাউ এআই ইজ ট্রান্সফর্মিং ক্যারিয়ার্স’ শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষার্থীরা।
পাশাপাশি অভিজ্ঞ মানবসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে আধুনিক মানের জীবনবৃত্তান্ত তৈরির বিষয়ে ‘ওয়ান-টু-ওয়ান’ ক্যারিয়ার কাউন্সেলিং বা ব্যক্তিগত পরামর্শ নেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।
শেখার পাশাপাশি বিনোদনের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা, ফুসবল এবং প্লেস্টেশন-৫ গেমেরও আয়োজন করা হয়।
দেশের তরুণদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে নিয়মিত এ ধরনের আয়োজন করে আসছে নগদ। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) আয়োজিত জব ফেয়ারের মাধ্যমে অন-ক্যাম্পাস প্লেসমেন্টে ইন্টার্ন নিয়োগ দিয়েছিল প্রতিষ্ঠানটি।