Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার মেক্সিকোতে যাচ্ছে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১২:৫৮

ঢাকা: বাংলাদেশের শিল্পখাত ও রফতানি বাণিজ্যে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে উত্তর আমেরিকার মেক্সিকোতে দেশে তৈরি হোন্ডা মোটরসাইকেল ‘হোন্ডা এনএক্স২০০’ রফতানি শুরু করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মুন্সিগঞ্জের আবদুল মোনেম ইকোনমিক জোনে অবস্থিত হোন্ডা মোটরসাইকেল কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় মুন্সিগঞ্জের গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) মো. শাকিরুল ইসলাম খান বলেন, সরকার একটি টেকসই ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিজ্ঞাবদ্ধ, যা উৎপাদন, রফতানি এবং বিনিয়োগকে উৎসাহিত করে। মেক্সিকোতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হোন্ডা এনএক্স ২০০ রফতানি একটি উল্লেখযোগ্য অর্জন, যা রফতানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক স্বীকৃতিতে অবদান রাখছে। আমি রপ্তানির গন্তব্য প্রসারে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের অব্যাহত সাফল্য কামনা করি।

বিজ্ঞাপন

বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, মেক্সিকোতে আমাদের রপ্তানি ব্যবসার প্রসারণ আমাদের উৎপাদন সক্ষমতার ধারাবাহিক উন্নতি, গুণগত মান নিশ্চিতকরণ এবং আমাদের সহকর্মীদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার প্রতিফলন। গুয়াতেমালায় আমাদের সফল রফতানির পর আরেকটি আন্তর্জাতিক বাজার মেক্সিকোতে হোন্ডা এনএক্স ২০০ রফতানি অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত। এই অর্জন বৈদেশিক রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করার পাশাপাশি আমরা যে দেশে কার্যক্রম পরিচালনা করছি, সেই দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে হোন্ডার প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে।

প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, মেক্সিকোতে হোন্ডা এনএক্স ২০০ মডেল রফতানি একটি গর্বের মাইলফলক, যা বাংলাদেশের ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতা এবং হোন্ডার বৈশ্বিক মানকে ফুটিয়ে তোলে। যদিও আমাদের অভ্যন্তরীণ বাজার আমাদের প্রধান অগ্রাধিকার; তবু এই অর্জন রফতানি বহুমুখীকরণ, স্থানীয়করণ, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং একটি প্রতিযোগিতামূলক মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানি ঘাঁটি হিসেবে বাংলাদেশের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সাহায্য করে।

বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ডিউটি এক্সেম্পশন অ্যান্ড ড্রব্যাক অফিস (ডিইডিও), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), শুল্ক কর্তৃপক্ষ, ব্যাংকিং অংশীদার, সরবরাহকারী, ডিলার এবং আন্তর্জাতিক বাজারে উচ্চমানের মোটরসাইকেলের নির্ভরযোগ্য উৎস হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে সহায়তা প্রদানকারী সব অংশীজনের প্রতি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালে মধ্য আমেররিকার দেশ গুয়াতেমালায় বাংলাদেশে তৈরি হোন্ডা এক্স ব্লেড মডেলের মোটরসাইকেলটি রফতানির মাধ্যমে তাদের রফতানি কার্যক্রম শুরু করে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর