ঢাকা: তুমুল জনপ্রিয় ‘আমি বন্দি কারাগারে’ গানের শিল্পী, লোকসংগীতশিল্পী ও সুরকার মুজিব পরদেশীকে ১০ লাখ টাকা চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা কার্যকরের জন্য আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (৪ আগস্ট) এক বছরের সাজাপ্রাপ্ত মুজিব পরদেশীকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
হেলাল উদ্দিন বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। শুনানির সময় মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচার শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত রায় ঘোষণা করেন। রায়ে মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করেন।’