সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মোহাম্মদ সিয়াম নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সিয়াম চর সমেশপুর গ্রামের বাসিন্দা মো. সুরুজ্জামানের ছেলে। তিনি বেলকুচি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানায়, বুধবার সকাল প্রায় ৯টার দিকে বাড়ির পাশের কৃষিজমিতে রোপা আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত ছিলেন সিয়াম। এ সময় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। কাজের একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি সরাসরি বজ্রাহত হন। পরে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি প্রাণ হারিয়েছেন।
রাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো. মোতালেব হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কৃষিকাজের সময় বজ্রপাতে সিয়ামের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।’
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থা করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’