Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৮:২২

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

ঢাকা: অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাবঞ্চিত হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে কাজ করছে।’

সোমবার (২৭ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার শুধু স্বাস্থ্যখাত নয়, দেশের সার্বিক উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’ এ ছাড়া তিনি মূক ও বধির ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মন্ত্রী হাসপাতালের নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টারের উদ্বোধন করেন। এ কেন্দ্রের মাধ্যমে জন্মগতভাবে বা পরবর্তীতে শ্রবণশক্তি হারানো এবং কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করা শিশুদের বিশেষ থেরাপির মাধ্যমে স্বাভাবিকভাবে কথা বলার প্রশিক্ষণ দেওয়া হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করা শিশুদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এ সেবা চালু করা হয়েছে।

ডা. জাহিদ হোসেন জানান, ভবিষ্যতে এভিটি সেন্টারের কার্যক্রম বিভাগীয় পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের শেষে তিনি হেড অ্যান্ড নেক রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক ও প্রয়োজনীয় চিকিৎসা-সহায়ক ডিভাইস বিতরণ করেন।

এ বছর ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে’র প্রতিপাদ্য ছিল—‘প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান।’ বিশ্বের ১৭১টি দেশে দিবসটি পালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন এবং বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফর।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর