ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১ শিশু।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৫০ শিশু এবং সন্দেহজনক হামে ৯৮১ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৯১৫ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৮১৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।