Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই আজ, সময় নিয়ে সংশয় তেহরানের

আর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬ ১২:৩৭ | আপডেট: ১৪ জুন ২০২৬ ১৪:৪০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তেহরান চুক্তির সময় নিয়ে সন্দেহ প্রকাশ করার পর করার পর ট্রাম্প এ কথা বললেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার ৮০তম জন্মদিনে, ইরানের সঙ্গে চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের জন্মদিন রোববার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, উভয় পক্ষ একটি শান্তি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে এবং ইসলামাবাদ রোববার একটি ইলেকট্রনিক সইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার পরে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কিন্তু ইরান রোববারের এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেনি।

ট্রাম্পের পোস্টের আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে মন্তব্য করতে বারণ করলেও রাষ্ট্রীয় গণমাধ্যমে তিনি বলেন, ‘এটা আগামীকাল হবে না, তবে আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে।’

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হবে।”

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “যথাযথ সময়ে, যখন সবকিছু শান্ত হবে, আমরা সেখানে গিয়ে ‘নিউক্লিয়ার ডাস্ট’ নিয়ে আসব”।

এবং পরে সেটি ধ্বংস করা হবে বলে জানান তিনি।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি সবকিছু দ্রুত, সহজ ও মসৃণভাবে না হয়, তবে ওয়াশিংটনের হাতে ‘চূড়ান্ত বিকল্প’ রয়েছে, যা তিনি আর কখনো ব্যবহার করতে চান না।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর