মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর ‘ব্যাপক’ হামলা করার পকিল্পনা বাতিল করার পর দেশটির সঙ্গে নতুন আলোচনা শুরু হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কথা বলছি। এটি আগামীকাল সোমবার (৪ আগস্ট) বিকেলে শুরু হবে।
এর আগে, ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, একটি চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে যেকোনো হামলা ‘স্থগিত’ রাখতে অনুরোধ করেছে।
ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান আসন্ন, কিন্তু প্রতিবারই পালটাপালটি হামলা শুরু হয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে দেওয়া বক্তব্যে ট্রাম্প তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদনের কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকার করে বলেন, ‘আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। আমরা যখনই চাইব। আমি মানুষ মারতে চাই না।’
ট্রাম্প আরও বলেন যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো মার্কিন অংশীদাররা সপ্তাহান্তে হামলা না চালানোর জন্য তাকে অনুরোধ করেছিল।
ট্রাম্প বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম।’
তিনি বলেন, ‘তারা অনুরোধ করার কারণ হলো, তারা মনে করে একটি চুক্তি হয়েছে। হরমুজ নিয়ে একটি চুক্তি হয়েছে, এবং পারমাণবিক বিষয়েও একটি চুক্তি হবে।’
এদিকে, ট্রাম্পের ঘোষণার পর সোমবার সকালে এশিয়ার বাজারে বিশ্বব্যাপী তেলের দাম কমে যায়। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪.৫% কমে ৮৩.৯৮ ডলারে (৬২.২৬ পাউন্ড) নেমে আসে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৪.৬% কমে ৮০.৭৪ ডলারে (৫৯.৮৫ পাউন্ড) দাঁড়ায়।