নতুন করে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের দ্বিতীয় দিনে ইরানের ৯০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে দক্ষিণ-পশ্চিমের শহর আহভাজের কাছে এই হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনাদোলু এজেন্সি।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেছেন, বৃহস্পতিবার সকালে আহভাজের উপকণ্ঠে একটি স্থানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
আইআরএনএ-র বরাতে তিনি বলেন, ‘এই হামলার ফলে ৩ জন শহীদ হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে।‘
এর আগে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ‘সম্ভবত’ আবারও ইরানে হামলা চালাবে বলে মন্তব্য করার কয়েক ঘণ্টা পরেই এই হামলাগুলো চালানো হয়।
এদিকে যেকোনো হুমকির জবাব শক্তিশালীভাবে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানি সামরিক সূত্র। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলে তার মিত্রদের মধ্যে কোনো পার্থক্য করে না বলেও জানিয়েছে সূত্রটি।