Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই ২০২৬ ২৩:১৭ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ২৩:২৫

জিনজিয়াং শহরের ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় ভয়াবহ আগুন। ছবি: এএফপি

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াংয়ের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার সিনহুয়ার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিনহুয়ার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, জিনজিয়াংয়ের একটি ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে ও কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

শিনহুয়া জানিয়েছে, কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে কর্তৃপক্ষ আটক করেছে এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এই অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে। তিনি এ ঘটনার জন্য দায়ীদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে প্রায়ই চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। বিশ্বের মোট স্পোর্টস জুতার (কেডস কিংবা স্নিকার্স) ২০ শতাংশই এই শহরে তৈরি হয়।

গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনে ১৬৮ জনের মৃত্যুর পর চীনজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর