Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামান হত্যা মামলা: খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেট
২৩ জুন ২০২৬ ১৫:২১

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০০৭ সালে সংঘটিত জামান হত্যা মামলায় বিচারিক আদালতের খালাস পাওয়া আট আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের খালাসের রায় কেন বাতিল করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামানের বোন ও মামলার সাক্ষী হাওয়া আক্তারের করা রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মোস্তফা জামাল ভূঁইয়া। তিনি জানান, ২০০৭ সালের ২৩ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান (২২) খুন হন। পরদিন তার বাবা বরজু মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা হলেন রফিক, রাকিব, সিদ্দিক, গোলাপ মিয়া, রঞ্জু মিয়া, দুখু মিয়া, রিপন মিয়া ও রানু মিয়া।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৩ জুন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবরিনা আলী প্রমাণের অভাবে সব আসামিকে খালাস দেন।

পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন নিহত জামানের বোন হাওয়া আক্তার। আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত খালাস পাওয়া আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারিক আদালতের রায় বাতিলের বিষয়ে রুল জারি করেন।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর