Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাতাহ কমব্যাট সিস্টেমের ৭ সদস্যের তিন দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেট
১২ জুলাই ২০২৬ ১৭:৩২ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৮:৪১

৭ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি : সংগৃহীত

ঢাকা: মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সাত সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- শাহ আমানত সাবির, মো. হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মো. আবিদুর রহমান, মো. বায়োজিত এবং মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুসান্না।

এর আগে একই দিন কারাগারে থাকা ৭ আসামিকে আদালতে হাজির করা হয়। প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী সাদ্দাম হোসেনসহ কয়েকজন রিমান্ড আবেদন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্যমতে, গত ৫ জুলাই যাত্রাবাড়ী এলাকা থেকে এফসিএসের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরসহ ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে ৯ জুলাই যশোর থেকে সংগঠনটির আরেক সদস্য তাহসীন ইসলামকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের পর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় শনিবার যাত্রাবাড়ী থানার পরিদর্শক এবি সিদ্দিক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর