ঢাকা: রাজধানীর ওয়ারী থানায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা তিনটি মামলার সবকটিতেই তিনি জামিনে রয়েছেন এবং মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তৌহিদ আফ্রিদির জামিন আবেদন শুনানি শেষে তা মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট ৩টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় এখন সব মামলাতেই তিনি জামিনে আছেন। তিনি আরও জানান, গত ১৫ জুন এই মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগের জন্য প্রলুব্ধ করা হয়। প্রথমদিকে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে আরও অর্থ নেওয়া হয়। একপর্যায়ে মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।