Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোজাফফরের পেছনে আ.লীগ সরকারের প্রশ্রয় ছিল: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৭:১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়ে ছিলেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি হওয়া সত্ত্বেও মোজাফফর হোসেন দীর্ঘ সময় পলাতক ছিলেন। এ সময়ে তিনি এক দেশ থেকে অন্য দেশে অবাধে যাতায়াত করেছেন এবং বাংলাদেশেও নির্বিঘ্নে অবস্থান করেছেন। এমনকি দেশের অভিজাত এলাকায় বসবাসের পাশাপাশি তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, সরকারি প্রশ্রয় ছাড়া একজন পলাতক আসামির পক্ষে এ ধরনের সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব নয়। এসব তথ্য থেকে ধারণা করা যায়, তৎকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তদন্তে এসব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মাসুদ উদ্দিন চৌধুরীসহ কয়েকজনের সঙ্গে মোজাফফরের সম্পর্কও তদন্তের আওতায় রয়েছে বলে জানান তিনি।

মো. আমিনুল ইসলাম আরও বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার বিচার সেনা আইনের আওতায় পরিচালিত হবে এবং সেই বিচারপ্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো সম্পৃক্ততা নেই। ট্রাইব্যুনাল কেবল মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত অভিযোগের তদন্ত করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে সংঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গে মোজাফফর হোসেনের সম্পৃক্ততা ছিল কি না, সেটিই তদন্তে গুরুত্ব পাচ্ছে।

তিনি জানান, বর্তমানে মোজাফফর সেনাবাহিনীর হেফাজতে থাকবেন। প্রয়োজন অনুযায়ী ট্রাইব্যুনালের তদন্তের স্বার্থে তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষে অভিযোগের প্রমাণ মিললে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার চলবে।

এর আগে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

উল্লেখ্য, গত ২১ জুলাই মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর